এসো কালোপরী ধর এই হাত
শ্বেতশুভ্র!
মেরুভালুকের সাথে লড়াই করে এনেছি সফেদ জমিন,
ছোপছোপ রক্তের দাগ
পুরোটাই আঁচড় আর ক্ষতের দামে
তোমার পাঁজরে যে মোচড় অহর্নিশি
বুনো ঈগলের নখে উপড়ে যাওয়া চোখ
শুকিয়ে হলুদ, পেলব রোমকূপ
কষ্টের ইট চাপা
আর মরচে পড়া চুল
ছেঁড়া মেঘের মত ভাসছে অবিরাম
কালো কালো আরো কালো
নিকষ নক্ষত্রের ভেতর
এস পরী ধর এই হাত
কালো বরফের যুগ ফুরিয়েছে আজ
অহংকারী সেনাদের দল ফিরছে ঘরে
মায়েরা তাদের সন্তানের কাছে
জল জল মানব সন্তান সব
ফানুসে চেপে অপেক্ষায় তোমার
দূরের গ্রাম, যতটা দূরে
তার চেয়েও বেশি দূর থেকে তোমার
আগমনের প্রতীক্ষা
ধ্বনিত আকাশে
বৃষ্টির বেশে তোমার ফেরার গান
এই বন্দরে
দেখ, চারপাশে ভাসছে নির্বোধের লাশ
সমুদ্রও এদের ঘরে নেয় না
এরা বলেছিল হারিয়ে গেছ তুমি
এরা বলেছিল দ্বীপান্তরের কয়লাখনিতে
পালিয়ে গেছ।
আজ সবগুলো কুঁড়েঘরে
কেবলই তোমার নাম
ওরা সব আস্তাকুঁড়ে
কালো পরী কালো পরী
দেখ ডাকছে কেমন
ধর এই হাত, শ্বেতশুভ্র
এই রাতে সফেদ বিজলির বুক চিরে তুমি নেমে এস
যেমন নেমে আসে অন্ধকার
সব আলো ছাপিয়ে
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


